নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘বিসিক হোসিয়ারি শিল্পনগরী’ ও বিসিক জেলা কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান এবং টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বেনজীর আহমেদ টিটু।
মঙ্গলবার (১১ আগস্ট) সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি বিসিক জেলা কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের (বিএইচএ) কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
দিনের শুরুতে বিসিক জেলা কার্যালয়ে পৌঁছে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটু। এরপর সবুজায়নের অংশ হিসেবে কার্যালয় প্রাঙ্গণে একটি চারা রোপণ করেন তিনি।
পরে বিসিক হোসিয়ারি শিল্পনগরীর অভ্যন্তরীণ সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন বিসিক চেয়ারম্যান। পরিদর্শনকালে শিল্পনগরীর বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজ নেন তিনি।
এরপর বিএইচএর কেন্দ্রীয় কার্যালয়ে গেলে সংগঠনটির ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বিসিক চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
মতবিনিময় সভায় বিএইচএ নেতৃবৃন্দ ফতুল্লা বিসিক হোসিয়ারি শিল্পনগরীর বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে শিল্পনগরীর অবকাঠামোগত সংকট, ড্রেনেজ ও জলাবদ্ধতা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তার বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরা হয়।
উদ্যোক্তাদের বক্তব্য শোনার পর বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটু বলেন, দেশের ঐতিহ্যবাহী হোসিয়ারি শিল্পের উন্নয়ন এবং স্থানীয় উদ্যোক্তাদের সমস্যা সমাধানে বিসিক আন্তরিকভাবে কাজ করছে। ফতুল্লা বিসিক হোসিয়ারি শিল্পনগরীর বিদ্যমান সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিসিক নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের প্রধান ও কর্মকর্তা-কর্মচারী, বিএইচএর পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

