নারায়ণগঞ্জ সদর এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের নারী ও শিশুসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনজনেরই শরীরের বড় অংশ পুড়ে গেছে এবং তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ সদর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের আট বছর বয়সী ছেলে মারুফ। তারা একই পরিবারের সদস্য।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুরুতর দগ্ধ অবস্থায় শুক্রবার সকালে তিনজনকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এর মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।
বর্তমানে তিনজনই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুনের সূত্রপাত হলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে গ্যাসের লিকেজ হয়েছে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

