রাশিয়া ও ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ব্যাপক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সুযোগ রাখা একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। ২৬২-১৫৯ ভোটে বিলটি পাস হয়। এরপর এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
লিন্ডসে গ্রাহামের নামে বিল
‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামে বিলটি প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে করা হয়েছে। তিনি জীবিত থাকাকালে বিলটি উত্থাপন করেছিলেন।
এর আগে গত মাসে মার্কিন সিনেটেও বিলটি ৮৬-১১ ভোটে অনুমোদিত হয়। প্রতিনিধি পরিষদে এবার দ্বিদলীয় সমর্থনে এটি পাস হয়েছে।
রাশিয়াকে কেন্দ্র করেই মূল লক্ষ্য
বিলটির প্রধান লক্ষ্য রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো। এতে রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাত এবং নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত তেলবাহী জাহাজের ‘শ্যাডো ফ্লিট’-এর ওপর নিষেধাজ্ঞার ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়ার বিধান রয়েছে। এর ফলে রাশিয়ার জ্বালানি আমদানি করা দেশগুলোও নতুন মার্কিন বাণিজ্যিক চাপের মুখে পড়তে পারে।
ইরানের ওপরও নিষেধাজ্ঞা বাড়ছে
বিলটি মূলত রাশিয়াকে লক্ষ্য করে তৈরি হলেও এতে ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার আইনি মেয়াদও বাড়ানো হয়েছে।
১৯৯৬ সালে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্বাক্ষর করা ‘ইরান স্যাংকশনস অ্যাক্ট’-এর মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল। নতুন আইনে এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে।
ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা
প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর বিলটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছে। তিনি স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে।
বিলটি নিয়ে মার্কিন কংগ্রেসে দুই দলের মধ্যে সমর্থন থাকলেও কিছু ডেমোক্র্যাট আইনপ্রণেতা প্রেসিডেন্টের হাতে ব্যাপক ক্ষমতা দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সূত্র: আল-জাজিরা

