ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ওসমান গনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। এছাড়া তিনি উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার মেয়ের ঘরের নাতনি জামাই এবং জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব জুবায়ের হোসেন জিকুর ছোট চাচা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে ভেকু দিয়ে মাটি কাটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার রাতে রমজান আলীর অনুসারীরা ওসমান গনির ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।
এ ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন। এসময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ দেখা দেয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

