জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং গণভোটের রায়ের ভিত্তিতে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে গণসমাবেশ করেছে খেলাফত মজলিস।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর যারা নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বহু শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। এ বিষয়ে কোনো ধরনের কালক্ষেপণ জনগণ মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশের পথচলা শুরু হয়েছে। তাই জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব জনগণ মেনে নেবে না। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি।
নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করীম, খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার, নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগরের সহসভাপতি অধ্যাপক শাহ আলম, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, বন্দর উপজেলা সভাপতি মুফতি আবুল কাসেম, বন্দর থানা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডা. মোতাহার হুসাইন এবং শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

