নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় পাঁচ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী টানবাজার লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন। সেবা নিতে আসা রোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টানবাজার লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফ।
উদ্বোধনী বক্তব্যে ওসি মো. সাজেদুর রহমান বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক। রাজনৈতিক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যদি সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসেন, তবে সমাজ আরও সুন্দর ও কল্যাণমুখী হবে। তিনি আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাদের সংগঠন নিয়মিত বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় পাঁচ শতাধিক মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, প্রতি মাসে ১০ জন দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থাও করা হবে এবং এ মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।

