নারায়ণগঞ্জ শহরে প্রবেশের অন্যতম প্রধান সড়ক ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কের দুই পাশে যাতে ময়লা-আবর্জনা পড়ে না থাকে, সে লক্ষ্যে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় লিংক রোডে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন এবং সচেতনতামূলক র্যালিতে অংশ নিয়ে এসব কথা জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জে প্রবেশের সময় একজন মানুষের মনে যেন শহরটি সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়, সেটিই প্রশাসনের অন্যতম লক্ষ্য। এজন্য চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত পুরো লিংক রোড পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, শুধু একদিন পরিষ্কার করলেই হবে না; পরিচ্ছন্নতা ধরে রাখতে হলে ময়লা ফেলার সুনির্দিষ্ট স্থান নির্ধারণ এবং নিয়মিত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এলাকায় নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা করা হচ্ছে।
রায়হান কবির বলেন, সড়কের পাশে যত্রতত্র ময়লা ফেলার কারণে পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনি শহরের সৌন্দর্যও নষ্ট হচ্ছে। নির্ধারিত স্থানে ময়লা ফেললে সেগুলো সহজেই সংগ্রহ করে অপসারণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, লিংক রোডের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত চালানো হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতার বিষয়ে দায়িত্ব দেওয়া হবে। প্রয়োজন হলে উপজেলা পরিষদ ও জেলা পরিষদের পক্ষ থেকেও এ কাজে অর্থের ব্যবস্থা করা হবে।
পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার ওপরও গুরুত্ব দেন জেলা প্রশাসক। তিনি জানান, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়েছে। পাশাপাশি জনপ্রতিনিধি, ইউপি সদস্য ও স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়ে বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবী গ্রুপ তৈরি করা হচ্ছে। এসব দলের মাধ্যমে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।
প্রতি শনিবার বিশেষভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথাও জানান তিনি। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল, নালা-নর্দমা ও দীর্ঘদিন ধরে পড়ে থাকা ময়লা-আবর্জনা দ্রুত পরিষ্কারের ওপর জোর দেন।
জেলা প্রশাসক নাগরিকদের উদ্দেশে বলেন, শুধু প্রশাসন বা জনপ্রতিনিধিদের উদ্যোগে পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব নয়। শহরকে পরিষ্কার রাখতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে।
এ সময় নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, প্রকৌশলী ইয়াছিন আরাফাত, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টুসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

