‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র্যালি, বৃক্ষের চারা ও চেক বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনের কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বৃক্ষের চারা ও চেক বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলিনুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সমবায়ের মাধ্যমে মানুষের মধ্যে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস তৈরি করা প্রয়োজন। এই অভ্যাস ভবিষ্যতে, বিশেষ করে বার্ধক্যে, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে একাধিক ব্যক্তি যৌথভাবে ব্যবসা পরিচালনার সুযোগ পান। তাই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-কে দরিদ্র জনগোষ্ঠীর কাছে ঋণ ও প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকরভাবে পৌঁছে দিতে হবে, যাতে তাদের জীবনমানের উন্নয়ন সম্ভব হয়।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিআরডিবি কৃষি, গবাদিপশু পালন ও ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ এবং প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। এ কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ দারিদ্র্য হ্রাস, নারীর ক্ষমতায়ন এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ করা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, বিআরডিবির পরিচালক ফেরদাউসুর রহমান এবং বিআরডিবির উদ্যোক্তা ও সাবেক মহিলা দল সভাপতি নুরুন্নাহার বেগম।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

