নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
রোববার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন ফতুল্লা উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকার সুলতান মল্লিকের ছেলে কবির মল্লিক (২৬)। তিনি বর্তমানে একই এলাকার উকিল বাড়ির মোড়ে পারভেজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) রাত প্রায় ৯টা ৫৫ মিনিটে ফতুল্লা থানার আলীগঞ্জ রেলসেতুর ৯২ নম্বর পিলারসংলগ্ন পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে কবির মল্লিককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কবির মল্লিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

