ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাসলাইনের লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাত বছর বয়সী মুন্না। তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে একই ঘটনায় দগ্ধ বাবা মো. কালাম (৩৫) সোমবার সকালে এবং মেয়ে কথা (৭) বুধবার সন্ধ্যায় মারা যায়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের বাবা, ছেলে ও মেয়েসহ তিনজনের মৃত্যু হলো।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, গুরুতর দগ্ধ অবস্থায় পরিবারের পাঁচ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মো. কালামের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর বুধবার সন্ধ্যায় মেয়ে কথা এবং বৃহস্পতিবার সকালে ছেলে মুন্নাও মারা যায়।
এ ঘটনায় দগ্ধ কালামের স্ত্রী সায়মা (৩২) ও বড় মেয়ে মুন্নি (১০) এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য, তাদের অবস্থাও আশঙ্কাজনক।
নিহতরা ফতুল্লার উত্তর ভুঁইগড় গিরিধারা এলাকার ৬ নম্বর সড়কে শাহজাহান মিয়ার মালিকানাধীন একটি নয়তলা ভবনের নিচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া এলাকায়। নিহত মো. কালাম পেশায় সবজি বিক্রেতা ছিলেন।
গত রোববার ভোরে উত্তর ভুঁইগড় গিরিধারা এলাকায় গ্যাসলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

