বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধ এবং নগরীর পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় নারায়ণগঞ্জে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় রোববার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়ক বিভাজকের (আইল্যান্ড) বাগানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দীর্ঘদিন পরিচর্যার অভাবে সড়কের মাঝের বাগানগুলো আগাছা, ঝোপঝাড় ও প্লাস্টিক বর্জ্যে ভরে যায়। এতে একদিকে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছিল, অন্যদিকে নগরীর সৌন্দর্যও নষ্ট হচ্ছিল। এ অবস্থায় জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা কর্মীরা আগাছা পরিষ্কার, ঝোপঝাড় অপসারণ এবং জমে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে ফেলেন। পাশাপাশি পূর্বে রোপণ করা ফুল ও শোভাবর্ধনকারী গাছের গোড়া পরিষ্কার, ছাঁটাই ও প্রয়োজনীয় পরিচর্যাও করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। একটি চারা গাছকে শিশুর মতো যত্ন নিয়ে বড় করতে হয়। তাহলেই সেটি পরিবেশ রক্ষা, অক্সিজেন সরবরাহ এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, বর্তমানে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস করাই জেলা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। সড়কের আইল্যান্ডগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এডিস মশার বিস্তার যেমন কমবে, তেমনি শহরের নান্দনিক পরিবেশও বজায় থাকবে।
জেলা প্রশাসক আরও জানান, পরিচ্ছন্নতা ও উন্নয়ন কোনো একদিনের কার্যক্রম নয়; এটি একটি চলমান প্রক্রিয়া। নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ না হলে পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব হবে না।
তিনি আরও জানান, সম্প্রতি জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলাতেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, অভিযানের পর লিংক রোডের আইল্যান্ডগুলো নতুন রূপ পেয়েছে। ঝোপঝাড় সরিয়ে ফেলায় সারিবদ্ধ ফুল ও শোভাবর্ধনকারী গাছগুলো এখন স্পষ্টভাবে দৃশ্যমান। এতে সড়কের সৌন্দর্য যেমন বেড়েছে, তেমনি পথচারী ও যানবাহন চলাচলেও স্বস্তি ফিরেছে।
নিয়মিত যাতায়াতকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে পরিবেশবাদী ও সচেতন মহলও ডেঙ্গু প্রতিরোধে এমন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

