নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক শাখাওয়াত হোসেন খান দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরবাসীর প্রত্যাশা পূরণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্ন নগর গঠন এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে তার নেওয়া উদ্যোগগুলো ইতোমধ্যে আলোচনায় এসেছে।
দায়িত্ব গ্রহণের পর তিনি নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে নাগরিক সমস্যাগুলো সরাসরি পর্যবেক্ষণ করেন। সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা এবং জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়মিত তদারকি করছেন।
দীর্ঘদিনের ময়লা-আবর্জনা ও কচুরিপানায় ভরাট হয়ে থাকা জিউস পুকুর পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পুকুরটিকে আধুনিক দিঘিতে রূপান্তর, ওয়াকওয়ে, ঘাটলা ও সৌন্দর্যবর্ধনের পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।
সরকারি মহিলা কলেজের প্রধান ফটক ও আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত এবং সড়ক উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। নিয়মিত বর্জ্য অপসারণ, ড্রেন পরিষ্কার এবং পরিবেশবান্ধব নগর গঠনে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া অবৈধ দখলমুক্তকরণ ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হয়েছে।
নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রেও শাখাওয়াত হোসেন খান আন্তরিকতা দেখিয়েছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, অভিযোগ গ্রহণ এবং দ্রুত সমাধানের উদ্যোগ তার প্রশাসনিক কার্যক্রমকে আরও জনমুখী করে তুলেছে।
সুশাসন, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে তিনি প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের অনেকেই মনে করেন, মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি এবং সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ গ্রহণের কারণে প্রশাসনের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে।
নগরবাসীর প্রত্যাশা, চলমান উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকলে নারায়ণগঞ্জ আরও আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে। আর সেই লক্ষ্য অর্জনে নাসিক প্রশাসক শাখাওয়াত হোসেন খানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

