জুলাই মাসের সহিংসতায় নিহতদের সুষ্ঠু ময়নাতদন্ত, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ব্ল্যাক র্যালি ও জনসমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)।
শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা কালো মাস্ক পরে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে জুলাই মাসের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশের বিষয়টি উল্লেখ করে নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রকাশের দাবি জানানো হয়।
সভাপতির বক্তব্যে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, জুলাইয়ের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে সরকারি গেজেট, জাতিসংঘের প্রতিবেদন এবং বিভিন্ন রাজনৈতিক নেতার বক্তব্যে অসঙ্গতি রয়েছে। এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত তথ্য জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থী আন্দোলনের নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের সম্পদের হিসাব এবং আয়ের উৎস জনসমক্ষে প্রকাশের আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় শ্রমিকধারার আহ্বায়ক মো. বাবুল মিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল, হাশেম মোল্লা, নয়ন বেপারী কাউসার, অরবিন্দ দেবনাথ, জামান সরদার, জাতীয় শিক্ষাধারার সদস্য আবদুর রহমান হাওলাদারসহ অন্যরা। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন দৈনিক স্বদেশ বিচিত্রা-এর সম্পাদক অশোক ধর।
বক্তারা জুলাই-সংশ্লিষ্ট সব নিহত ও আহত ব্যক্তির পূর্ণাঙ্গ তালিকা, পোস্টমর্টেম রিপোর্ট, নিরপেক্ষ তদন্তের ফলাফল এবং সংশ্লিষ্টদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশের দাবি জানান। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক বিষয়ে নিজেদের মতামত তুলে ধরে সংশ্লিষ্ট বিষয়ে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে মোমিন মেহেদী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় পুনরায় ময়নাতদন্তের দাবি জানান। একই সঙ্গে হাদী হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং প্রয়োজন হলে পুনরায় ময়নাতদন্তের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু নিষ্পত্তির আহ্বান জানান।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ আগামী এক সপ্তাহের মধ্যে এসব দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

