ফিফা বিশ্বকাপ এলেই নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার একটি বাড়ি যেন রূপ নেয় আর্জেন্টিনার ছোট্ট সংস্করণে। স্থানীয়দের কাছে এটি পরিচিত ‘আর্জেন্টিনা বাড়ি’ নামে। বাড়িটির মালিক আফজাল মুন্সি, যিনি দীর্ঘদিন ধরে প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে নিজের বাড়িকে সাজিয়ে তোলেন আকাশি-সাদা রঙে।
বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এবারও তিনি তার বাড়ির দেয়াল, বারান্দা, ছাদ, ঘরের পর্দা থেকে শুরু করে ফুলের টব পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙে রাঙিয়ে তুলেছেন। ফলে বাড়িটিতে প্রবেশ করলেই মনে হয় যেন নারায়ণগঞ্জের গলাচিপায় নয়, বরং আর্জেন্টিনার কোনো ফুটবলপ্রেমীর ঠিকানায় এসে দাঁড়িয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী রস মোহন চৌধুরী বলেন, “আফজাল মুন্সি আর্জেন্টিনার একজন নিবেদিতপ্রাণ সমর্থক। তিনি শুধু বিশ্বকাপ এলেই নয়, প্রায় সারা বছরই দলটির প্রতি নিজের ভালোবাসার প্রকাশ ঘটান। তার এই আবেগ ও ভালোবাসাকে আমরা শ্রদ্ধা করি।”
আফজাল মুন্সির স্ত্রী আঞ্জুমান আরা মুন্নিও আর্জেন্টিনার সমর্থক। তিনি জানান, ছোটবেলা থেকেই ডিয়েগো ম্যারাডোনার খেলা তার ভালো লাগতো। বিয়ের পর জানতে পারেন তার স্বামীও একই দলের ভক্ত। এরপর থেকে বিশ্বকাপের প্রতিটি আসর তারা একসঙ্গে উপভোগ করে আসছেন।
তিনি বলেন, “২০১৮ সাল থেকে আমার স্বামী বিশ্বকাপের সময় বাড়িটিকে আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়ে তুলছেন। এটি তার কাছে আনন্দের বিষয়। আমি সবসময় তাকে উৎসাহ দিই। এবারও বাড়ির প্রতিটি অংশ আকাশি-সাদা রঙে সাজানো হয়েছে। আমরা আশা করছি, আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জিতবে।”
তবে আগামী বিশ্বকাপে লিওনেল মেসির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কথা উল্লেখ করে তিনি আক্ষেপ প্রকাশ করেন। তার ভাষায়, “মেসিকে ছাড়া বিশ্বকাপ ভাবতেই কষ্ট লাগে। আমরা চাই, আগামী বিশ্বকাপেও তিনি মাঠে থাকুন এবং আর্জেন্টিনাকে নেতৃত্ব দিন।”
আফজাল মুন্সি জানান, ম্যারাডোনার খেলা দেখেই তার আর্জেন্টিনার প্রতি ভালোবাসার শুরু। এরপর মেসির নেতৃত্বে দলটির সাফল্য সেই ভালোবাসাকে আরও গভীর করেছে। ২০১৮ সালের পর থেকে প্রতিটি বিশ্বকাপেই তিনি নিজ হাতে বাড়ি রঙ করেন।
তিনি বলেন, “আমাদের বাড়িটিকে এখন সবাই ‘আর্জেন্টিনা বাড়ি’ হিসেবেই চেনে। পরিবারের সবাই আর্জেন্টিনার সমর্থক। স্ত্রী, সন্তান ও এলাকাবাসীর উৎসাহেই এই আয়োজন করি। ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল, এবারও আমরা সেই আশাই করছি।”
বিশ্বকাপ উপলক্ষে বড় পর্দায় খেলা দেখানোরও পরিকল্পনা রয়েছে তার। ইতোমধ্যে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। বাড়ির সামনে টানানো হবে আর্জেন্টিনার পতাকা, আর ফুটবলপ্রেমীদের মিলনমেলায় মুখর হয়ে উঠবে পুরো এলাকা।
গলাচিপার এই ‘আর্জেন্টিনা বাড়ি’ এখন শুধু একটি বাড়ি নয়, বরং বিশ্বকাপ উন্মাদনায় ফুটবলপ্রেমী মানুষের আবেগ, ভালোবাসা ও সমর্থনের এক অনন্য প্রতীক।

