বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর ১২তম গ্রেড (বিলোপযোগ্য) শ্রমিক কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়ন ও অধিকার আদায়ের লক্ষ্যে গত ১৩ জুলাই ২০২৬, সোমবার বিকাল ৪:১৫ ঘটিকায় রমনা টেলিফোন ভবনে এক ঐতিহাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিটিসিএল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোঃ মতিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ১২তম গ্রেডের কর্মচারীদের চাকরি স্থায়ী করণ (কনফার্মেশন) পত্র জারীসহ অন্যান্য যৌক্তিক দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণের পর উপস্থিত সকল সদস্য ও প্রতিনিধিদের সর্বসম্মত কণ্ঠভোটে আগামী ৩ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী ও গতিশীল নতুন “কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি” গঠন করা হয়েছে।
ঐতিহাসিক এই নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিটিআর(দক্ষিণ), রমনায় কর্মরত জনাব মোঃ আবদুল হালিম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডিটিআর(পূর্ব)-এর জনাব মোঃ আবু সোবাহান মিয়া।
নতুন এই শক্তিশালী কমিটি ঘোষণার সাথে সাথেই বিটিসিএল-এর সর্বস্তরের সাধারণ শ্রমিক, কর্মচারী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। সর্বস্তরের সাধারণ কর্মচারীরা নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩১ সদস্য বিশিষ্ট পুরো কমিটিকে প্রাণঢালা অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।
কমিটির শীর্ষ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বিটিসিএল-এর ১২তম গ্রেডের সকল সাধারণ কর্মচারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাদের অধিকার আদায়ে সব সময় পাশে থাকার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এদিকে সর্বস্তরের কর্মীবৃন্দ দৃঢ় আশা প্রকাশ করেছেন যে, নবগঠিত এই সুযোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্বের হাত ধরেই ১২তম গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত চাকরি স্থায়ী করণসহ সকল দাবি-দাওয়া খুব দ্রুতই সফলভাবে বাস্তবায়িত হবে।

