নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার ফ্যাব্রিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
বুধবার (১৫ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে অনন্ত অ্যাপারেলস কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে আদমজী ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে আগুনের ব্যাপকতা বেড়ে যাওয়ায় আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেওয়া হয়। সব মিলিয়ে নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও গুদামের ভেতরে ডাম্পিং কার্যক্রম চলছিল, যাতে আগুনের কোনো অংশ পুনরায় জ্বলে না ওঠে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা যায়, গুদামটি বন্ধ থাকাকালীন আগুন লাগে। সেখানে বিপুল পরিমাণ ফ্যাব্রিক ও কিছু রাসায়নিক পদার্থ সংরক্ষিত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

