নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় লুট হওয়া একটি কাভার্ডভ্যান এবং ৬১৪টি কম্বল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অভিযোগে একটি ডাকাত চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আব্দুর রহিম (৪২), মো. ফারুক ওরফে বাবু (৪০), মো. রফিকুল ইসলাম (৪০), আব্দুল গাফফার (৩৭) ও আব্দুর রহমান (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল মিতালী মার্কেট এলাকা এবং ফতুল্লার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ডাকাতির ঘটনায় ব্যবহৃত ও লুট হওয়া একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় ৬১৪টি কম্বল, যা ডাকাতরা নিয়ে গিয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ডাকাতির ঘটনায় জড়িত পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

