ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানায় কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মো. আলমগীর হোসেন সিদ্দিকী (৫৩) নামে এক এএসআইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে থানার ব্যারাকে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, ভোর আনুমানিক সাড়ে চারটায় সিদ্ধিরগঞ্জ থানা ব্যারাকের ৩য় তলায় ঘুমন্ত অবস্থায় ছিলেন আলমগীর হোসেন সিদ্দিকী। এ সময় তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে জেলার খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
পরে সকাল ১০ টায় জেলা পুলিশ লাইনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জ থানায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আলমগীরের মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

