নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঢাকেশ্বরী এলাকায় অটোরিকশা চালক মাসুদ রানা হত্যা মামলার অন্যতম আসামি মো. জুম্মান (২৪)-কে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব-১১ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে বন্দরের ঢাকেশ্বরী এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত জুম্মানকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, গত ২৯ জুন জীবিকার তাগিদে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন অটোরিকশা চালক মাসুদ রানা (৩৫)। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের ছয় দিন পর, গত ৪ জুলাই ঢাকেশ্বরী এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব জানিয়েছে, মামলার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

