নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ছাত্রলীগ ও তাঁতীলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযানে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব (৩৫) এবং সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ড তাঁতীলীগের প্রচার সম্পাদক রাজিবুল ইসলাম রাজা (৩৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাবিবুর রহমান হাবিবকে বন্দর থানাধীন সোনাকান্দা কিল্লা মসজিদের সামনের এলাকা থেকে এবং রাজিবুল ইসলাম রাজাকে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

