নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নুর মোহাম্মদ আলিফ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে রূপালী আবাসিক এলাকার পাশের ভূমি অফিস ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ রূপালী আবাসিক এলাকার বাসিন্দা শহিদুল্লাহ মিয়ার ছেলে। পরিবারটি ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। সে স্থানীয় মারকাজুল উলুম ইসলামিয়া মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র ছিল।
নারায়ণগঞ্জ নৌ থানার ইনচার্জ মো. রকিবুজ্জামান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারের সময় তার চোখ ও ঠোঁটে সামান্য নড়াচড়া দেখা গেলে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, শনিবার মাদরাসা বন্ধ থাকায় দুপুরে বৃষ্টির মধ্যে আলিফ বাসা থেকে বের হয়ে যায়। অনেকক্ষণ পরও ফিরে না আসায় মসজিদে মাইকিং করা হয় এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে শীতলক্ষ্যা নদীর পাড়ে গিয়ে তাকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
স্বজনদের ভাষ্য, ছোটবেলা থেকেই আলিফ প্রায়ই নদীর পাড়ে চলে যেত এবং পানিতে নামত। যদিও সে সাঁতার জানত না। এছাড়া জন্মগত কারণে তার চলাফেরায়ও কিছু শারীরিক সমস্যা ছিল।
নৌ পুলিশের ইনচার্জ আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

