নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর দেওভোগ এলাকার আখড়ায় একটি আধুনিক মডেল মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ মন্দিরের নকশা, নাম ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট মন্দির কমিটির হাতে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নগরভবনে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রশাসক জানান, দেওভোগ আখড়ায় যে মডেল মন্দির নির্মাণ করা হবে, সেটি সংশ্লিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের চাহিদা ও মতামতের ভিত্তিতেই বাস্তবায়ন করা হবে। সিটি কর্পোরেশন শুধু অবকাঠামো নির্মাণের দায়িত্ব পালন করবে। মন্দিরের পরিচালনা, ধর্মীয় কার্যক্রম কিংবা মালিকানার বিষয়ে সিটি কর্পোরেশনের কোনো হস্তক্ষেপ থাকবে না।
তিনি বলেন, মন্দিরটি আগের নামেই পরিচালিত হবে এবং মন্দির কমিটি যে নকশা চূড়ান্ত করবে, সেই নকশা অনুসারেই নির্মাণকাজ সম্পন্ন করা হবে। এর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা আরও সুন্দর পরিবেশে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবেন।
শাখাওয়াত হোসেন খান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই নারায়ণগঞ্জে একটি দৃষ্টান্তমূলক মডেল মন্দির নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে এটি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হবে।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সাধুনাগ মহাশয় মন্দির কমিটির সভাপতি ননী গোপাল সাহা, বলদেব জিউর আখড়ার উপদেষ্টা শংকর সাহা, সভাপতি জয় কে রায় চৌধুরী, গোপাল জিউর মন্দিরের সভাপতি পরিতোষ কান্তি সাহা, দেওভোগ গৌর-নিতাই মন্দিরের সভাপতি সুমিত কর্মকার, সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পালসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা।

