নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি জাহাঙ্গীর (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে সোমবার রাতে তার মৃত্যু হয়।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ। তিনি জানান, অসুস্থ হয়ে পড়লে রোববার জাহাঙ্গীরকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কারা সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আড়াইহাজার উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। রূপগঞ্জ থানার একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে ২০১৪ সাল থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।
কারা সুপার আরও জানান, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর জাহাঙ্গীরের মরদেহ দাফনের জন্য তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

