নারায়ণগঞ্জ সদর উপজেলার আল আমিন নগর ও সৈয়দপুর এলাকায় বাজার অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে খাদ্যপণ্য উৎপাদনে অনিয়ম ও মোড়কজাতকরণ বিধি লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আল আমিন নগর এলাকার ‘বউ জামাই সুইটস এন্ড চানাচুর’ নামের একটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম দেখতে পান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। প্রতিষ্ঠানটিতে মোড়কজাতকরণ বিধি লঙ্ঘন, অবাধে পোষা প্রাণীর বিচরণ, অপরিচ্ছন্ন পরিবেশে কর্মীদের খালি পায়ে খাদ্যপণ্য প্রস্তুত ও প্যাকেটজাতকরণ এবং অনুমোদনহীন রঙ ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
এসব কর্মকাণ্ড ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানে ব্যবহৃত অনুমোদনহীন রঙ ধ্বংস করা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠানটিকে আগামী সাত দিনের মধ্যে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (GMP) অনুসরণ করে খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানের সময় সৈয়দপুর এলাকায় ‘লাইফ এগ্রো ফুড’ নামের আরেকটি প্রতিষ্ঠানে মোড়কজাতকরণ বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পরিদর্শক শরীফুল ইসলাম এবং নারায়ণগঞ্জ জেলা আনসার কমান্ড্যান্টের একটি চৌকস দল।

