নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও বাজারজাতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২৬৩ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।
অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে এবং ১৫(৪)(খ) ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় কাঁচপুর এলাকার শামীম হোসেন স্টোর থেকে ১৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোহাম্মদীয়া প্যাকেজিং থেকে ১০৩ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, মজুদ, বিক্রি ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

