নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে এবং দুই হাতের কবজির রগ কেটে হত্যার অভিযোগে স্ত্রী ফারজানা আক্তার মুন্নি (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি চাপাতি ও একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল প্রায় ১১টার দিকে দেলপাড়ার চানাচুর ফ্যাক্টরি গলির একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সকালে নিজ বাসায় ঘুমিয়ে থাকা স্বামী জাহাঙ্গীর হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে এবং দুই হাতের কবজির রগ কেটে হত্যা করা হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্ত্রী ফারজানা আক্তার মুন্নিকে আটক করে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি রক্তমাখা চাপাতি ও একটি ছুরি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

