নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ফারুক মাল আর নেই। তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ফারুক মাল নগরীর গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ও কৃষকদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, মিছিল-মিটিং, হরতাল এবং নির্বাচনী কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একাধিক মামলার আসামি হন এবং কয়েকবার কারাবরণও করেন।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও নিজ এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

