ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মার্কিন অবরোধ সমর্থনকারীদের জন্য ২০ বছরের কারাদণ্ডের বিধান রেখে কঠোর আইন পাস করেছে ভেনেজুয়েলা। দেশটির সরকারি দল নিয়ন্ত্রিত জাতীয় পরিষদে মঙ্গলবার এই নতুন আইনটি অনুমোদিত হয়। যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক অবরোধের পক্ষে প্রচারণা চালানো বা এর অর্থায়নে সহায়তা করার দায়ে এই সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার জাতীয় অর্থনীতি রক্ষা এবং জনগণের জীবনমান স্থিতিশীল রাখার উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করা হয়েছে। এই পদক্ষেপের ঠিক আগেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বেশ কিছু তেলবাহী ট্যাংকার জব্দ করলে পরিস্থিতির অবনতি ঘটে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সমুদ্রদস্যুতা হিসেবে আখ্যায়িত করেছে।
সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলা অভিযোগ করেছে যে মার্কিন প্রশাসন তাদের বিরুদ্ধে আগ্রাসী নীতি জোরদার করেছে। এর অংশ হিসেবে লাতিন আমেরিকায় বিশাল সামরিক উপস্থিতি, জাহাজ জব্দ এবং স্থল অভিযানের হুমকি দেওয়া হচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত সামুয়েল মোনকাদা অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্র সরকার আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ভেনেজুয়েলাবাসীকে দেশ ত্যাগে বাধ্য করার চেষ্টা করছে।
চীনের পাশাপাশি রাশিয়াও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া সতর্ক করে দিয়েছেন যে ট্রাম্প প্রশাসন এমন একটি ছক তৈরি করছে যা ভবিষ্যতে অন্য লাতিন আমেরিকান দেশগুলোর বিরুদ্ধেও ব্যবহার করা হতে পারে। কলম্বিয়াসহ আরও কিছু দেশ ভেনেজুয়েলার প্রতি সমর্থন জানালেও আর্জেন্টিনা ও চিলির মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে একমত পোষণ করেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে দক্ষিণ আমেরিকায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নৌবহর মোতায়েন করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বিশেষ অভিযানের জন্য ক্যারিবীয় অঞ্চলে বিমান ও সেনা মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে মাদুরো সরকার মাদক পাচারের সঙ্গে জড়িত এবং তেলের অর্থ তাদের প্রধান ভরসা। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো মনে করছে, মাদুরো সরকার মার্কিন চাপকে ঢাল হিসেবে ব্যবহার করে ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পরবর্তী বিরোধীদের ওপর দমন-পীড়ন আরও বাড়িয়েছে।

