নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। বুধবার (২৪ জুন) বিকেলে প্রকল্প এলাকা ঘুরে দেখে তিনি জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে ঢাকা-যাত্রাবাড়ী বাস টার্মিনালের কার্যক্রম পুনর্বিন্যাসের মাধ্যমে যাত্রীসেবা আরও উন্নত করা হবে এবং নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু কার্যক্রম কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তরের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, অতীতে কিছু বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহারের কারণে রাজধানীর সড়কগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল, যা যানজট বৃদ্ধির অন্যতম কারণ। বর্তমান সরকার সেই পরিস্থিতি পরিবর্তনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল পরিদর্শন ও মূল্যায়ন করা হচ্ছে।
সড়ক অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের প্রায় ৪৮ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কের চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে যান চলাচল আরও সুশৃঙ্খল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

