নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় অবস্থিত পানাম ফুড পার্কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) দীপংকর ঘোষের তদারকি এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ডিজিএফআই পরিচয়দানকারী দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩) এবং আবিদ মাহমুদ আকাশ (২৯)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন ওরফে মুন্নার বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে। অপরদিকে আবিদ মাহমুদ আকাশ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার অলিপুর ডাকঘর এলাকার নানাখি গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

