নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশে ‘রাজপথে আসার’ আহ্বান জানিয়ে বলেছেন, তাদের সঙ্গে দেখা হলে তিনি কোলাকুলি করবেন। পালিয়ে থাকেন কেন রাজপথে আসুন, রাজনীতি করতে হলে জেল খাটতে হবে ।
বুধবার (২৪ জুন) রাতে নগরীতে আওয়ামী লীগের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
টিপু বলেন, “আগামী ২৫ ও ২৬ জুন আমরা নারায়ণগঞ্জের রাজপথে থাকব। কোথাও আওয়ামী লীগ, যুবলীগ কিংবা ছাত্রলীগের নেতাকর্মীদের পেলে আমি তাদের সঙ্গে কোলাকুলি করব। পালিয়ে থাকবেন কেন? রাজপথে আসুন।”
তিনি আরও বলেন, “আমরা ১৭ বছর রাজপথ ছেড়ে পালিয়ে যাইনি। মামলা খেয়েছি, জেল খেটেছি। রাজনীতি করতে হলে মামলা-মোকদ্দমা, জেল-জুলুম এবং নির্যাতনের মুখোমুখি হতে হয়। তাহলে আপনারা কেন আত্মগোপনে থাকবেন?”
বিএনপির এই নেতা দাবি করেন, দীর্ঘ সময় আন্দোলন-সংগ্রামের কারণে তাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। অতীতেও আন্দোলন-সংগ্রামের সময় মিছিল করতে গিয়ে তিনি গ্রেপ্তার ও কারাভোগ করেছেন।
বক্তব্যে তিনি নারায়ণগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “আমরা নারায়ণগঞ্জে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা অস্থিতিশীলতা হতে দেব না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তার মোকাবিলা করা হবে।”
বিক্ষোভ মিছিলে মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিএনপি নেতারা মাঠে সক্রিয় অবস্থান বজায় রাখছেন। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের সমালোচনা এবং নিজেদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে নেতাকর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন তারা।

