নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আম্বার কমপ্লেক্সের শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। এ সময় সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। বিক্ষোভের মধ্যে কারখানার এক কর্মকর্তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হাটাবো এলাকায় আম্বার কমপ্লেক্সের সামনে শ্রমিকরা এ কর্মসূচি শুরু করেন। প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখায় ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
শ্রমিকদের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর গ্যাস সংকটের কথা জানিয়ে কারখানায় লে-অফ ঘোষণা করা হয়। পরবর্তীতে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হলেও তাঁদের কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। বারবার বেতন দেওয়ার তারিখ নির্ধারণ করেও কর্তৃপক্ষ টাকা পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আন্দোলনে নামেন।
এদিকে, প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী গাড়ি নিয়ে কারখানায় প্রবেশের সময় বিক্ষুব্ধ শ্রমিকরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও অপদস্থ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তিনি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করার আশ্বাস দেন।
এ বিষয়ে জুলফিকার আলী জানান, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো আসেননি। তাঁরা এলে যোগাযোগ করে শ্রমিকদের পাওনা বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।

