ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত কার্যক্রম জোরদার করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) গঠিত স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরজুড়ে মশার বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (২৯ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
সভায় ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, জলাবদ্ধতা নিরসন, কীটনাশক ছিটানোর কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলেন, শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ ক্ষেত্রে নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিশেষ করে বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন, ছাদবাগান ও খোলা জায়গায় জমে থাকা পানি নিয়মিত অপসারণ করলে মশার প্রজনন অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
সভাপতির বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির কোনো বিকল্প নেই। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় সিটি কর্পোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পরিচ্ছন্নতা কার্যক্রম, ওষুধ প্রয়োগ এবং জনসচেতনতামূলক কর্মসূচি আরও জোরদার করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিনিধিসহ স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

