ভগবান শ্রীরামচন্দ্রকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং যুব ঐক্য পরিষদের জেলা ও মহানগর শাখা। এ সময় বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় নগরীর বিবিরোড এলাকার পালকি কমিউনিটি সেন্টারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, যুব ও ছাত্রনেতাসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভগবান শ্রীরামচন্দ্র হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রদ্ধা, বিশ্বাস ও ভক্তির প্রতীক। তাঁকে নিয়ে কটূক্তি বা অবমাননাকর বক্তব্য শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হানে না, বরং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতাকেও ক্ষতিগ্রস্ত করে। তারা সকল ধর্ম ও ধর্মীয় ব্যক্তিত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উসকানিমূলক কর্মকাণ্ড সেই সম্প্রীতির বন্ধনকে দুর্বল করতে পারে। তাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সমাবেশে গিয়ে সংহতি প্রকাশ করে। এ সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সকল ধর্মের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগরের সাধারণ সম্পাদক অরুণ দেবনাথ, জেলার সহ-সভাপতি হরি সাহা, সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, অর্থ সম্পাদক পিন্টু রায়, মহানগরের সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা, অবিনাশ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক হিমাদ্রি সাহা হিমুসহ জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

