নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, অতীতে যাদের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন, সেই মহল এবং তাদের সহযোগীরাই তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।
শনিবার (২০ জুন) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে টিপু বলেন, তিনি দীর্ঘদিন ধরে ওসমান পরিবারের রাজনৈতিক তৎপরতা ও কর্মকাণ্ডের সমালোচনা করে আসছেন। এ কারণে একটি স্বার্থান্বেষী চক্র তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য প্রচার ও নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে দাবি করেন।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ওসমান পরিবারের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি বর্তমানে ভিন্ন রাজনৈতিক পরিচয়ে সক্রিয় থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য হলো তাকে রাজনৈতিকভাবে দুর্বল করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা।
টিপুর ভাষ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ শহরে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক তৎপরতায় বাধা সৃষ্টি হওয়ায় একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। ফলে তারা বিভিন্ন কল্পকাহিনী ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে।
তিনি বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি মহল আগামী ২৫ ও ২৬ জুনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। একইসঙ্গে তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার ষড়যন্ত্রও চলছে বলে তিনি অভিযোগ করেন।
ফেসবুক পোস্টের শেষাংশে অ্যাডভোকেট টিপু বলেন, “ষড়যন্ত্রকারীরা যতই অপচেষ্টা চালাক না কেন, আমি ওসমান গডফাদারদের তৎপরতার বিরুদ্ধে কথা বলা বন্ধ করবো না এবং রাজপথও ছাড়বো না, ইনশাআল্লাহ।”

