‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির নারায়ণগঞ্জ জেলা কমিটি। কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে মোট ৬০০টি ফলজ গাছ রোপণ করা হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) শুরু হওয়া এই কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ’ উদ্যোগের অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। আগামী ৪, ৫ ও ৬ আগস্ট জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে গাছ রোপণ করা হবে।
প্রথম দিনের কর্মসূচির উদ্বোধন হয় নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে। সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, শিল্পাঞ্চল হিসেবে নারায়ণগঞ্জে সবুজায়নের প্রয়োজনীয়তা অনেক বেশি। তিনি শুধু গাছ লাগানো নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. মুকবিল হোসেন বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ৬০০টি ফলজ গাছ লাগানো হবে এবং সেগুলোর পরিচর্যার দায়িত্বও সমিতি গ্রহণ করবে।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরের প্রাঙ্গণে ফলজ গাছ রোপণ করেন কর সার্কেল-৩-এর সহকারী কর কমিশনার মো. কামাল হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশরাফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, নারায়ণগঞ্জ কর অঞ্চলের নাজির মিনারুল দাড়িয়া এবং ব্যবসায়ী ও সমাজসেবক লোকমান আহমেদ।
এ সময় সমিতির সহসভাপতি দেওয়ান মোহাম্মদ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জলিল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউল আলমসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
সমিতির নেতারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ফলজ বৃক্ষের বিস্তার ঘটানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিন দিনব্যাপী কর্মসূচির বাস্তবায়ন ও তদারকিতে সমিতির একাধিক নেতা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।

