শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনে নারায়ণগঞ্জের বন্দরে নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে পুলিশ। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবকে কেন্দ্র করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বন্দর থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় বন্দর থানা কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বিষয় তুলে ধরেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। সভায় সভাপতিত্বও করেন তিনি।
ওসি জামাল উদ্দিন জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডে ১১টি এবং বন্দরের পাঁচটি ইউনিয়নে ১৮টিসহ মোট ২৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপে উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোথাও চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক থাকবে।
এ সময় দশমীর দিন রাত ১০টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান ওসি।
মতবিনিময় সভায় বন্দর থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাব্বির আহাম্মেদ সেন্টু, বন্দর প্রেসক্লাবের সাবেক সহসাধারণ সম্পাদক জি এম সুমন, সাংবাদিক বিল্লাল হোসেন, নাগরিক টিভির বন্দর প্রতিনিধি শাহরিয়ার প্রধান ইমন, মঞ্জুর আলম মুন্না, মেহেদী হাসান রিপন, শেখ সুমন, সাজিদ হোসেন কিবরিয়া ও মনির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

