ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের কলেজ রোড ও গলাচিপা এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মিছিল ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে প্রতিবেশী নিরাপত্তা কমিটি (প্রনিক)।
শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর গলাচিপার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি মাসদাইর-বোয়ালিয়া খাল, গলাচিপা মোড়, রুপার বাড়ি হয়ে কলেজ রোড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে প্রনিকের নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর অপরাধমুক্ত করতে সামাজিক ঐক্য, সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করা জরুরি। তারা জানান, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন প্রতিবেশী নিরাপত্তা কমিটি (প্রনিক)-কে পুনরুজ্জীবিত করে একটি কল্যাণমুখী ও নিরাপদ সমাজ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বাংলাদেশ পুলিশ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতে প্রনিকের কার্যক্রম নারায়ণগঞ্জজুড়ে সম্প্রসারণ করা হবে এবং জেলার বিভিন্ন সামাজিক সংগঠনকে একত্রিত করে উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন খান, প্রনিকের আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) হুমায়ন কবীর রিপন, গলাচিপা পঞ্চায়েত কমিটির সভাপতি নাসির উদ্দিন মন্টু, গলাচিপা আব্দুল আউয়াল মাদ্রাসার সভাপতি আলহাজ শামসের আলী, গলাচিপা বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি আলহাজ শাহ আলম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এম.এ. মান্নান পটু, ১৩ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, বিপুল, নাসির, মুক্তার, মুকুল, আক্তার, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

