ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ নগরবাসীর জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (পানি শোধনাগার) স্থাপনের উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। এ লক্ষ্যে চীনভিত্তিক প্রতিষ্ঠান পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) নগর ভবনে অনুষ্ঠিত সভায় নাসিকের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা। পরে সম্ভাব্য পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন এবং এ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় নগরীর ক্রমবর্ধমান পানি চাহিদা, বিদ্যমান সরবরাহ ব্যবস্থার সক্ষমতা এবং দীর্ঘমেয়াদে নিরাপদ পানির উৎস নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আলোচনায় জানানো হয়, বর্তমানে নারায়ণগঞ্জ নগরীতে দৈনিক প্রায় ১২ কোটি লিটার পানির চাহিদা রয়েছে। তবে দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণের ফলে ভবিষ্যতে এ চাহিদা বেড়ে দৈনিক প্রায় ৫১ দশমিক ২ কোটি লিটারে পৌঁছাতে পারে।
এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে নগরবাসীর জন্য নিরাপদ, মানসম্মত ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে আধুনিক পানি শোধনাগার নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সম্ভাব্য প্রকল্পের কারিগরি দিক, অর্থায়ন কাঠামো এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও প্রাথমিক পর্যায়ের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের পানি সরবরাহ ব্যবস্থায় নতুন যুগের সূচনা হবে। একই সঙ্গে ভবিষ্যতের বাড়তি চাহিদা মোকাবিলায় একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী অবকাঠামোগত ভিত্তি তৈরি হবে।
সভায় নাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন এবং নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যদিকে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হান কুন ও মোহাম্মদ মকবুল হোসেন।

