ডেইল নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও বেগবান করতে এবং জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। ডেঙ্গুর বিস্তার রোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং নাগরিকদের সচেতন করে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।
সকালে শিবু মার্কেট এলাকা থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের পাশের এলাকায় গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদের সংলগ্ন নালায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় ডেঙ্গুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।
কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে স্মারক বৃক্ষরোপণও করা হয়। জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

