ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সদর উপজেলার গোগনগর ইউনিয়নে যুবলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মিছিলটি দেখতে পেয়ে ধাওয়া দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাকর্মীরা।
এ সময় কাউকে আটক করা সম্ভব না হলেও মিছিলকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে এলাকা ত্যাগ করে বলে দাবি করেছে এনসিপি। সোমবার (১ জুন) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির নারায়ণগঞ্জ মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী জানান, সকালে ১৫ থেকে ২০ জনের একটি দল নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল বের করে। এ সময় পেছনে একটি ইজিবাইকে তাদের মহানগর কমিটির চারজন সদস্য অবস্থান করছিলেন।
তিনি বলেন, “আমাদের নেতাকর্মীরা মিছিলটি দেখতে পেয়ে পেছন থেকে ধাওয়া দিলে মিছিলকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ব্যানার দেখে বুঝতে পারি, তারা প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান-এর ছেলে আজমেরী ওসমান-এর অনুসারী এবং যুবলীগের কর্মী ছিলেন।”
ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ধাওয়ার সময় মিছিলকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এনসিপি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, “বিষয়টি আমার জানা নেই। যুবলীগের মিছিল সম্পর্কে কেউ আমাদের অবগত করেনি।”
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

