নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে চার দফা দাবি জানিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন।
রোববার (১৯ জুলাই) দুপুরে সংগঠনটির আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাসিক কার্যালয়ে গিয়ে প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেয়। প্রতিনিধি দলে ছিলেন ভবানী শংকর রায়, হাফিজুল ইসলাম, আবু নাইম খান বিপ্লব ও ধীমান সাহা জুয়েল।
স্মারকলিপিতে নগর উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট চারটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—চাষাঢ়া মহিলা কলেজসংলগ্ন সড়কের দক্ষিণাংশের নির্মাণকাজ দেওভোগ সিটি পার্ক এলাকা থেকে শুরু করা, ১ নম্বর রেলগেটে রেলওয়ের জায়গায় একটি খেলার মাঠ স্থাপন, খানপুরে নির্মাণাধীন কনটেইনার পোর্ট প্রকল্প বন্ধ করা এবং চীনের সহায়তায় নির্মাণাধীন ২০টি হাসপাতালের মধ্যে একটি নারায়ণগঞ্জে স্থাপনের উদ্যোগ নেওয়া।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দুই নম্বর রেলগেট থেকে চাষাঢ়া পর্যন্ত নির্মাণাধীন সড়কের দক্ষিণাংশ যদি দেওভোগ নগরপার্কসংলগ্ন কাটা কাপড়ের মার্কেট এলাকা থেকে রেললাইন ঘেঁষে নির্মাণ করা হয়, তাহলে নগরীর দীর্ঘদিনের যানজট নিরসনে তা কার্যকর ভূমিকা রাখবে।
এতে আরও বলা হয়, ১ নম্বর রেলগেট এলাকায় রেলওয়ের জমিতে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের পরিবর্তে একটি উন্মুক্ত খেলার মাঠ গড়ে তোলা প্রয়োজন। কারণ ওই এলাকায় নারায়ণগঞ্জ কলেজ ও একটি গুরুত্বপূর্ণ বিদ্যালয়সহ প্রায় ২০ হাজার শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত খেলার মাঠের ব্যবস্থা নেই।
স্মারকলিপিতে খানপুরে নির্মাণাধীন কনটেইনার পোর্ট প্রকল্পকে নগরীর পরিবেশ ও জনস্বার্থের জন্য ক্ষতিকর উল্লেখ করে প্রকল্পটি বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে চীনের অর্থায়নে নির্মাণ হতে যাওয়া ২০টি হাসপাতালের একটি নারায়ণগঞ্জে স্থাপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
স্মারকলিপি গ্রহণ শেষে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দাবিগুলোকে জনস্বার্থসংশ্লিষ্ট ও গুরুত্বপূর্ণ উল্লেখ করেন। তিনি বলেন, বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন এবং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন।

