জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) আয়োজিত ইউডিসিজিপি কর্মশালা ও পারফরম্যান্স মূল্যায়ন অনুষ্ঠানে অংশ নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, জাইকার অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুফল এখন দৃশ্যমান। সাম্প্রতিক ভারী বর্ষণেও নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি।
রোববার (২ আগস্ট) কক্সবাজারের হোটেল সিগালে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, সম্প্রতি কক্সবাজার ও চট্টগ্রামে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও দুর্ভোগ সৃষ্টি হলেও একই সময়ে নারায়ণগঞ্জে ভারী বৃষ্টি হলেও শহরের বিবি রোড, স্যার সলিমুল্লাহ রোডসহ প্রধান সড়কগুলোতে পানি জমেনি। তিনি এর কৃতিত্ব জাইকার সহযোগিতায় বাস্তবায়িত অবকাঠামো উন্নয়ন প্রকল্পকে দেন।
তিনি জানান, জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রায় ৩২২ কোটি ৫৯ লাখ টাকার উন্নয়নকাজ বাস্তবায়িত হয়েছে। বর্তমানে চলমান প্রকল্পগুলোও নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে শেষ করার জন্য কাজ চলছে।
নাসিক প্রশাসক বলেন, চলমান প্রকল্পগুলোর বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি করা হবে না। ঠিকাদারদের কাছ থেকে সময়মতো এবং মানসম্মত কাজ নিশ্চিত করতে সিটি করপোরেশন কঠোরভাবে তদারকি করবে।
পারফরম্যান্স মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, মূল্যায়নের চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশ হয়নি। তবে ভালো ফলাফলের বিষয়ে তারা আশাবাদী এবং যে সিটি করপোরেশন সেরা হবে, তাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন থাকবে।
তিনি আরও বলেন, কক্সবাজার যেমন প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটকের আগমনে মুখর থাকে, তেমনি নারায়ণগঞ্জেও প্রতিদিন আশপাশের জেলা থেকে লাখো শ্রমিক বিভিন্ন শিল্পকারখানায় কাজ করতে আসেন। দেশের শিল্প ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারায়ণগঞ্জের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শেষে তিনি আশা প্রকাশ করেন, নারায়ণগঞ্জসহ দেশের সব সিটি করপোরেশন দক্ষতা ও সুশাসনের মাধ্যমে নাগরিক সেবার মান আরও উন্নত করবে এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

