ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মো. রুহুল আমিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে রূপগঞ্জের সাবাসপুর মেডিকেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে রুহুল আমিন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই রমজান মৃধা বলেন, রুহুল আমিন সকাল ৯টার দিকে রূপগঞ্জের সাবাসপুর মেডিকেল এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে রুহুল আমিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুহুল আমিন মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বসন্তপুর গ্রামের রহমান মৃধার ছেলে। কর্মসূত্রে রূপগঞ্জের মাহমুদাবাদ ফকিরবাড়ি এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

