ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দেশব্যাপী আয়োজিত ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয়েছে ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালি।
মঙ্গলবার (১৯ মে,) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, মহানগর বিএনপির সাধারন সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি)গণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ভূমিসেবা গ্রহীতা এবং ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আগামী ২১ মে, ২০২৬ খ্রি. পর্যন্ত চলবে। মেলা চলাকালীন সেবাগ্রহীতারা স্টলে এসে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

