নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দিদার হোসেন (৩৪) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটে ফতুল্লা থানার পশ্চিম দেলপাড়া এলাকার খালপাড় জামে মসজিদের সামনে ফাঁকা স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে এসআই মিরাজ হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার দিদার হোসেন ফতুল্লা থানার নয়ামাটি এলাকার জুস ফ্যাক্টরির পাশের বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, পিসিপিআর (পুলিশ ক্লিয়ারেন্স ও পূর্ববর্তী অপরাধের তথ্য) যাচাই করে দিদারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

