ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ দিয়ে চাঁদপুর যাওয়ার পথে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক শোডাউনের আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহামুদ।
শনিবার (১৬ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইবোর্ড এলাকায় শত শত নেতাকর্মী নিয়ে অবস্থান নেন তিনি।
এসময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগান, ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায়। তারেক রহমানের গাড়িবহর সাইবোর্ড অতিক্রম করার সময় নেতাকর্মীরা করতালি ও স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান।
স্বাগত আয়োজনে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ে এক শিশুকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদলে সাজানোর বিষয়টি। শিশুটিকে খালেদা জিয়ার পরিচিত পোশাক ও স্টাইলে উপস্থাপন করা হলে উপস্থিত নেতাকর্মী ও পথচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেকেই শিশুটির সঙ্গে ছবি তোলেন এবং ব্যতিক্রমী এ আয়োজনের প্রশংসা করেন।
জেলা বিএনপির নেতাকর্মীরা জানান, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সেই ধারাবাহিকতায় সাইবোর্ড এলাকায় এই গণজমায়েত ও শোডাউনের আয়োজন করা হয়।
অধ্যাপক মামুন মাহামুদ বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। তাকে স্বাগত জানাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন।”
এসময় জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

