তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলা, সুস্থ বিনোদন ও সামাজিক সম্পৃক্ততার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেছেন, শরীর ও মনকে সুস্থ রাখতে এবং যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়াতে হবে। পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শনিবার (১৮ জুলাই) দুপুরে সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, একটি সুস্থ, সচেতন ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা জরুরি। মাঠমুখী তরুণরা যেমন শারীরিকভাবে সুস্থ থাকে, তেমনি সামাজিক অপরাধ, মাদক ও নানা অপসংস্কৃতি থেকেও দূরে থাকে। তাই প্রতিটি এলাকায় ক্রীড়াচর্চার সুযোগ বাড়াতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মাদক ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। নতুন আইনের আওতায় মাদকসহ গ্রেপ্তার হলে জামিনের সুযোগ নেই এবং অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির বিধানও রয়েছে। তাই সময় থাকতে মাদক ব্যবসাসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগ করেই মাদক নির্মূল সম্ভব নয়। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং তরুণ সমাজকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণদের নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, জয়নাল আবেদীন ও মাসুম রানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হযরত আলী রানা, সাইদুর রহমান শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন দলের খেলোয়াড়রা।
উল্লেখ্য, ‘সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’-এ এবার মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে সোনারগাঁ পৌরসভা সূর্য সৈনিক একাদশ এবং শরীয়তপুর সুপার এলিভেন মুখোমুখি হয়। আয়োজকদের আশা, প্রতিযোগিতাটি স্থানীয় তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
মাদকমুক্ত তরুণ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি আজহারুল ইসলাম মান্নান
Leave a Comment

