ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিশ ও ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যাকাণ্ডের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত নাছিরের স্ত্রী সায়মা আহম্মেদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন। নিহত নাছির (৬০) ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি “ফ্রেন্ডস ক্যাবল” নামে একটি ডিশ ও ক্যাবল ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ মে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চানমারী মাউড়াপট্টি এলাকার “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন— শরিফ (৪০), জুয়েল (২০), আরিফ (৩০), সজিব (৩৬), শান্ত (২৮), নাঈম (২৫), মজিদ (৪২), আব্দুস সাত্তার বাবু (৫২), আবির (২৪) ও রুমি (৩০)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, “ফ্রেন্ডস ক্যাবল নেটওয়ার্কস” প্রতিষ্ঠানের অংশীদার ছিলেন আব্দুস সাত্তার বাবু। দীর্ঘদিন ধরে ব্যবসার হিসাব-নিকাশ ও নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে ব্যবসার কর্তৃত্ব ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে।
মামলায় আরও অভিযোগ করা হয়, কয়েকজন আসামি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং নিহত নাছির তাদের কর্মকাণ্ডে বাধা দিতেন। এ কারণে পূর্ব থেকেই তাদের সঙ্গে নাছিরের বিরোধ ও হুমকি-ধমকির ঘটনা ঘটেছিল বলে উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের অভিযোগ, পরিকল্পিতভাবে ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে নাছিরকে হত্যা করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন সজিব, শান্ত, আরিফ ও নাঈম। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

