নগরীর ফুটপাত দখলমুক্ত রেখে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং একই সঙ্গে হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। এ লক্ষ্যে চাষাঢ়া থেকে ২ নম্বর রেলগেটের গলাচিপা এলাকায় রেললাইনের পাশের খালি জায়গায় অস্থায়ীভাবে হকারদের স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সেখানে শুধুমাত্র যাচাই-বাছাই শেষে প্রকৃত হকারদেরই স্থান বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন নাসিক প্রশাসক মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান।
সোমবার (২৭ জুলাই) দুপুরে নির্ধারিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি হকারদের কর্মসংস্থান বজায় রাখাও সিটি করপোরেশনের অন্যতম লক্ষ্য। তাই স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে রেললাইনের পাশের খোলা জায়গায় তাদের ব্যবসার ব্যবস্থা করা হচ্ছে।
তিনি জানান, প্রথমেই প্রকৃত হকারদের একটি তালিকা প্রস্তুত করা হবে। যাচাই শেষে কেবল প্রকৃত ব্যবসায়ীদেরই নির্ধারিত স্থানে বসার সুযোগ দেওয়া হবে। আগে যেভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই পদ্ধতি অনুসরণ না করে এবার স্বচ্ছতার ভিত্তিতে নতুনভাবে বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
নাসিক প্রশাসকের ভাষ্য, নির্ধারিত এলাকাটি পরিমাপ করে প্রতিটি ব্যবসায়ীর জন্য আলাদা স্টল নির্ধারণ করা হবে। প্রতিটি স্টলে নম্বর থাকবে এবং সেই নম্বর অনুযায়ী হকাররা ব্যবসা পরিচালনা করবেন। পাশাপাশি এলাকাটির অবকাঠামোগত উন্নয়ন করা হবে, যাতে ক্রেতারাও সহজে সেখানে যেতে পারেন। এ জন্য সামনের দিকে একটি সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে নগরীর বিবি রোড, সলিমুল্লাহ রোড, শায়েস্তা খান রোড এবং খানপুর হাসপাতাল রোডে অবস্থানরত হকারদের নতুন স্থানে স্থানান্তর করা হবে।
নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে সাখাওয়াত হোসেন খান বলেন, রেললাইনের পাশের এই অস্থায়ী মার্কেটে ঝুঁকি এড়াতে ইতোমধ্যে চাষাঢ়া থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত বাঁশের নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে সেখানে স্থায়ী ইটের দেয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে ট্রেন চলাচলে কোনো ঝুঁকি সৃষ্টি না হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
তিনি জানান, হকারদের স্থানান্তরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত না হলেও প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে দ্রুতই অস্থায়ী মার্কেটটি চালু করার আশা করছে সিটি করপোরেশন।

